অবিবাহিত বন্ধুকে যেসব কথা বলা উচিত নয়
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই অবিবাহিত বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও তার বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মন্তব্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে। বন্ধুত্ব সুন্দর রাখতে এ ধরনের কথা এড়িয়ে চলাই ভালো।
‘বিয়ে কবে করছ?’
বারবার বিয়ের সময় জানতে চাওয়া বিব্রতকর হতে পারে। সবার জীবন পরিকল্পনা ও পরিস্থিতি এক নয়।
‘চিন্তা করো না, এখনো অনেক সময় আছে।’
সান্ত্বনা দিতে গিয়ে উল্টো বয়স বা বিয়ে নিয়ে অযাচিত চাপ তৈরি হতে পারে।
‘কেন বিয়ে হচ্ছে না, সমস্যাটা আমি জানি।’
বন্ধুর ব্যক্তিগত জীবনের কারণ নিজের মতো করে ব্যাখ্যা করা ঠিক নয়। তিনি নিজে আলোচনা করতে চাইলে তবেই বিষয়টি নিয়ে কথা বলা উচিত।
‘তুমি তো খুব খুঁতখুঁতে।’
জীবনসঙ্গী বাছাইয়ে প্রত্যেকের পছন্দ ও প্রত্যাশা আলাদা। তাই এমন মন্তব্য বন্ধুর আত্মসম্মানে আঘাত করতে পারে।
‘তোমার তো কোনো গতি হলো না।’
বিয়ে না করাকে জীবনে ব্যর্থতা বা ভবিষ্যৎ অনিশ্চয়তার সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়। সুখী ও সফল জীবনের সংজ্ঞা সবার কাছে এক নয়।
বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা নয়, বন্ধুর ব্যক্তিগত সিদ্ধান্তকেও সম্মান করা। বিয়ে করবেন কি না, কিংবা কখন করবেন—সেটি প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত।








