৬ হাজার রুপির মাদকের দেনা, মডেল-অভিনেত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভারতের মুম্বাইয়ে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে উদীয়মান মডেল ও অভিনেত্রী কৃতিকা চৌধুরীর পচাগলা মরদেহ। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের নেপথ্যে মাত্র ৬ হাজার রুপির মাদকের দেনা ছিল বলে পুলিশের দাবি।
২০১৭ সালের ১২ জুন বিকেল সাড়ে ৩টার দিকে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকার শ্রী ভৈরবনাথ এসআরএ সোসাইটির ৫০৩ নম্বর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। কৃতিকা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর নাইটগাউন পরা অবস্থায় তার মরদেহ দেখতে পায়। তখনো ঘরের টিভি ও এসি চলছিল।
পুলিশ জানায়, কৃতিকার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ধাতব বস্তু, কিছু সাদা পাউডার এবং রক্তের দাগযুক্ত পুরুষের একটি শার্ট উদ্ধার করা হয়। ময়নাতদন্তে মাথায় তিনটি গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
তদন্তে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে বের হয়ে যেতে দেখা যায়। পরে রক্তমাখা শার্টের ডিএনএসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে পানভেল থেকে শাকিল নাসিম ও বাসুদেব নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, শাকিল ছিলেন মাদক সরবরাহকারী। প্রায় এক বছর আগে তার কাছ থেকে মাদক নিয়েছিলেন কৃতিকা। এর মধ্যে ৬ হাজার রুপি বকেয়া ছিল। টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের ৮ জুন রাতে শাকিল ও বাসুদেব কৃতিকার ফ্ল্যাটে যান। সেখানে একসঙ্গে খাবার খাওয়ার পর টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে শাকিল ধাতব বস্তু দিয়ে কৃতিকার মাথায় পরপর তিনটি আঘাত করেন বলে পুলিশের দাবি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শাকিলের শার্টে রক্তের দাগ লাগায় সেটি ফ্ল্যাটে ফেলে রেখে নতুন পোশাক পরে দুজন পালিয়ে যান। যাওয়ার আগে তারা এসি ও টিভি চালু রেখে বাইরে থেকে ফ্ল্যাটে তালা লাগিয়ে দেন বলে তদন্তকারীরা জানান।
তবে পুলিশের দেওয়া হত্যার কারণ নিয়ে সন্তুষ্ট ছিল না কৃতিকার পরিবার। কৃতিকার ভাই দীপক জানান, পুলিশ ফ্ল্যাট থেকে ২২ হাজার রুপি নগদ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তাই মাত্র ৬ হাজার রুপির জন্য কৃতিকা কেন হত্যার শিকার হবেন—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা কৃতিকা ২০১২ সালে মুম্বাইয়ে আসেন। ‘পরিচয়’, ‘সাবধান ইন্ডিয়া’সহ বিভিন্ন টিভি অনুষ্ঠানে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘রাজ্জো’ সিনেমাতেও দেখা যায় তাকে। মৃত্যুর আগে একটি ধারাবাহিকে সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন কৃতিকা। ভবিষ্যতে নিজে পরিচালনায় আসার স্বপ্নও ছিল তার।
কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই নির্মম হত্যাকাণ্ডে থেমে যায় ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর জীবন।
সূত্র: এনডিটিভি








