বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী গ্যাব্রিয়েলা
দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘদিন একসঙ্গে থাকা ও দুই সন্তানের পর অবশেষে তাদের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ার উত্তরাঞ্চলের মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাদামাটা আয়োজনে তাদের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়। কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
স্থানীয় আইনে বিয়ের আবেদনের পর নির্দিষ্ট সময় অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করেন এই জুটি। গোয়ার অভিন্ন দেওয়ানি বিধির আওতায় তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে বলে জানান সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার।
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। বিয়ে ছাড়াই দীর্ঘদিন একসঙ্গে সংসার করেছেন তারা। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান এরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তান এরিভের জন্ম হয়।
২০২৫ সালে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। এবার ২০২৬ সালে এসে দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক ও আইনি স্বীকৃতি দিলেন তারা।
এর আগে বিয়ে প্রসঙ্গে অর্জুন জানিয়েছিলেন, সম্পর্কের গভীরতা কোনো কাগজ দিয়ে নির্ধারণ করা যায় না। তবে বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছিলেন তিনি।
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন অর্জুন। প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে অর্জুনের দুই মেয়ে রয়েছে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া








