আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি বিচ্ছেদ? মুখ খুললেন অভিনেতার সহকারী
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজাকে মুম্বাইয়ের পারিবারিক আদালতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর আলোচনা। নেটিজেনদের প্রশ্ন— তবে কি দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন গোবিন্দ ও সুনীতা?
তবে এই জল্পনায় পানি ঢেলেছেন গোবিন্দের দীর্ঘদিনের সহকারী শশী সিনহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিবাহবিচ্ছেদের মামলা করতে নয়, বরং আগে করা মামলা প্রত্যাহার করতেই আদালতে গিয়েছিলেন সুনীতা আহুজা।
শশী সিনহার ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ বা ঝগড়া হতেই পারে। কিন্তু অনেক সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায়। পারিবারিক বিষয় আদালত পর্যন্ত গড়ানো এবং তা প্রকাশ্যে চলে আসায় তিনি হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ঝগড়া তো হতেই পারে, তবে সম্পর্ক চলতেই থাকে। পারিবারিক বিষয় পরিবারের মধ্যেই থাকা উচিত। অনেক কিছুই একসঙ্গে বসে কথা বললে মিটে যায়।
মামলা যদি প্রত্যাহারই করতে হতো, তাহলে তা দায়ের করা হয়েছিল কেন— এমন প্রশ্নের জবাবে শশী সিনহা বলেন, এই লোকদেখানোর কোনো প্রয়োজন ছিল না।
এদিকে সুনীতার আদালতে যাওয়া নিয়ে গোবিন্দের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, এ মুহূর্তে অভিনেতার কোনো মন্তব্য নেই। শশীর কথায়, ঘটনাটি সবে ঘটেছে। এখনই গোবিন্দের কোনো প্রতিক্রিয়া নেই। ঈশ্বর সবাইকে সুবুদ্ধি দিন, সবাই যেন বিচক্ষণতার সঙ্গে কাজ করেন।
এর ফলে আপাতত গোবিন্দ ও সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন নতুন মোড় নিলেও, তাদের সম্পর্ক ভাঙছে— এমন কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো সামনে আসেনি।








