নিয়ামতপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদের উদ্যোগে তরুণদের মাঝে ফুটবল বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদল শাখার সাবেক আহ্বায়ক ও ৬নং পাঁড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ সজীবের উদ্যোগে এ ফুটবল বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের মাঠমুখী করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় যুবক ও তরুণরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখার পাশাপাশি অন্য তরুণদেরও মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
সুলতান মাহমুদ সজীব বলেন, তরুণরাই আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তরুণরা মাঠে থাকলে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
স্থানীয় তরুণরা বলেন, নিয়মিত খেলাধুলার সুযোগ পেলে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা বাড়বে। পাশাপাশি তারা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে।
স্থানীয়দের প্রত্যাশা, তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জীবনধারায় উদ্বুদ্ধ করতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








