সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
আগামী ২৭ আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ আগস্ট রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ক্ষতিকর বা দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে—মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং, বাংলামটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট এবং শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে বিজয় সরণি, পর্যটন ক্রসিং, ইন্দিরা রোড, মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাসহ নির্ধারিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।








