ওমরাহ পালন সম্পন্ন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
ওমরাহ পালন সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ পালন করেন। এ সময় তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ। তার সঙ্গে এনসিপির কয়েকজন নেতাও সৌদি আরব সফর করছেন।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।
ওমরাহ পালন শেষে এনসিপির নেতৃবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় আসিফ মাহমুদ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
বর্তমানে তিনি পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। এরপর তিনি মদিনা মুনাওয়ারায় যাবেন। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।








