হ্যাটট্রিক জয়ের পর হারল বাংলাদেশ এইচপি দল
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মঙ্গলবার ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তিনি শিকার করেন ৪ উইকেট। রুবেল হোসেনও নেন ৩ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। আরিফুল ইসলামের লড়াই সত্ত্বেও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় এইচপি দল। ফলে ২১ রানের জয় পায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।
এই হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ এইচপি। চার ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকেরও ৬ পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ। এইচপির নেট রান রেট +১.১০৮, আর নর্দার্ন টেরিটরির +০.৬২৬। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে প্লে-অফে।








