টঙ্গীতে সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৮ মে) সকালে টঙ্গীর কলেজ গেট এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও হয়রানির ঘটনা স্বাধীন গণমাধ্যম এবং মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকিস্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীকে এভাবে রক্তাক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিকের ওপর এমন নৃশংসতার পুনরাবৃত্তি না ঘটে।
জাতীয় গণমাধ্যম কমিশনের সদস্য সচিব কালিমুল্লা ইকবালের উপস্থিতিতে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— সুজন গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম খলিল, দৈনিক যায়যায়দিনের টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব এবং গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল রহমান আরিফ।
এ সময় সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বিএম আশিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল ও মানবাধিকার সম্পাদক রোমান শেখসহ স্থানীয় অন্যান্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।








