নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, ব্যাহত পরিবার পরিকল্পনা সেবা
নওগাঁর নিয়ামতপুরে দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকটে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় কম সামগ্রী পাওয়ায় প্রান্তিক পর্যায়ের সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন। প্রয়োজন অনুযায়ী সরকারি সেবা না পেয়ে অনেকে ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন।
নিয়ামতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি পদ্ধতির ইমপ্ল্যান্ট, আইইউডি (কপার-টি) এবং স্থায়ী পদ্ধতি ভ্যাসেকটমি ও টিউবেকটমি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে স্বল্পমেয়াদি পদ্ধতির খাবার বড়ি, কনডম ও ইনজেক্টেবলও চাহিদার তুলনায় কম সরবরাহ হচ্ছে। বিশেষ করে ইনজেক্টেবল বর্তমানে পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিবার পরিকল্পনা সহকারীরা জানান, সীমিত পরিমাণ সামগ্রী নিয়ে গ্রামে গেলে চাহিদা অনুযায়ী সেবাগ্রহীতাদের সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তাঁদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
নিয়ামতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাহমুদ হাসান বলেন, স্বল্পমেয়াদি পদ্ধতিগুলোর মধ্যে খাবার বড়ির চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে চাহিদার তুলনায় অনেক কম খাবার বড়ি ও কনডম পাওয়া যাচ্ছে। এছাড়া ইনজেক্টেবলও পাওয়া যাচ্ছে না।
একজন সেবাগ্রহীতা বলেন, আগে পরিবার পরিকল্পনা সহকারীদের মাধ্যমে বাড়িতে বসেই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাওয়া যেত। কিন্তু কয়েক মাস ধরে নিয়মিত সেবা না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত এ সংকট সমাধানের দাবি জানান তিনি।
নিয়ামতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকরাম রহমান সরবরাহ সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, গত মাসে কিছু সামগ্রী এসেছে, তবে তা চাহিদার তুলনায় কম। এর আগের কয়েক মাস কোনো সামগ্রী পাওয়া যায়নি। প্রতি মাসে চাহিদা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয় এবং প্রাপ্ত সামগ্রী মাঠপর্যায়ে বিতরণ করা হচ্ছে। সংকট দ্রুত কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর নিয়মিত সরবরাহ নিশ্চিত করা না গেলে পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকিও বাড়তে পারে। তাই দ্রুত সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।








