আজ থেকে সারাদেশে কলেরা টিকার ক্যাম্পেইন শুরু
কলেরা প্রতিরোধে আজ শনিবার (২২ আগস্ট) থেকে সারাদেশে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।
ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রথম ডোজ ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ডোজ ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া হবে। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময়ে দুই ডোজই গ্রহণ করতে হবে।
কর্মসূচির আওতায় ১ বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে কলেরার টিকা খাওয়ানো হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির আওতায় থাকবেন না। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
সারাদেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার পাশাপাশি মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নির্দিষ্ট এলাকাতেও এ কর্মসূচি চলবে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে টিকা নেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।








