পোরশায় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মূল পরীক্ষার্থীসহ দুই যুবকের কারাদণ্ড
নওগাঁর পোরশায় এইচএসসি (সমমান) পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে মূল পরীক্ষার্থীসহ দুই যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের পরীক্ষা থেকেও বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পোরশা উপজেলার বারিন্দা গ্রামের মো. রেজাউল সরদারের ছেলে মো. জাহিদ হাসান (২১) এবং একই উপজেলার দেওনাপাড়া গ্রামের সময় বর্মনের ছেলে বিপ্লব বর্মন (২০)।
পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা যায়, এইচএসসি (সমমান) পরীক্ষা চলাকালে জাহিদ হাসানের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন বিপ্লব বর্মন। পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হলে প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখা হয়। এতে ছবির সঙ্গে তার চেহারার অমিল ধরা পড়ে।
পরে বিষয়টি কেন্দ্রে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে প্রক্সি পরীক্ষার্থী বিপ্লব বর্মনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানকেও কেন্দ্রে ডেকে এনে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ১৩(৩-ক) ধারায় অপরাধ স্বীকার করায় উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের চলমান এইচএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত দুইজন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।







