বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল, নতুন করে পথচলার প্রত্যয়
অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। এর ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেল প্রতিষ্ঠানটি।
রোববার (২৩ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে নিবন্ধন পুনর্বহালের বিষয়টি জানানো হয়।
এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বাংলা এডিশন কর্তৃপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৫ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলা এডিশন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জুলাই শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যাত্রার শুরু থেকেই জুলাই আন্দোলনের স্মৃতি, ইসলাম ও মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, মজলুম মানুষের অধিকার এবং নিপীড়নের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানায় বাংলা এডিশন। পাশাপাশি রাজনীতি, সমাজ, আন্তর্জাতিক অঙ্গন ও সাধারণ মানুষের বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করে আসছিল পোর্টালটি।
তবে যাত্রার কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল হওয়ায় সংবাদ কার্যক্রমে বড় ধরনের ধাক্কা আসে। এবার নিবন্ধন পুনর্বহালের ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল বাংলা এডিশন।
নিবন্ধন ফিরে পাওয়ার পর অতীতের মতো ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। মজলুম মানুষের কথা বলা, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরাকেই নিজেদের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে বাংলা এডিশন কর্তৃপক্ষ।








