নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
নওগাঁর নিয়ামতপুর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের মুড়িহাড়ী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এসময় ১২ পাতায় প্রতি পাতায় ১০ পিস হিসেবে মোট ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিঠু মন্ডল (৩৮), পিতা: মোঃ খলিলুর রহমান মন্ডল, সাং- চকগোপাল এবং মোঃ শফিকুল ইসলাম (৩৯), পিতা: মৃত আব্দুর রহিম, সাং- নারাডাঙ্গা। তারা উভয়েই মান্দা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।








