ভারতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘NEET’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে রাজনৈতিক সক্রিয়তায় আসা ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। আন্দোলন স্থগিত করার চার সপ্তাহ পর আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে বড় ধরনের শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির অভিযোগ, কেন্দ্রীয় সরকার আন্দোলন স্থগিতের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। এ কারণে নতুন করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
CJP জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বরের পদযাত্রা ভারতের ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশ সদর দপ্তরে গিয়ে শেষ হবে। NEET প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবার এবং পুলিশের লাঠিচার্জে আহত আন্দোলনকারী শিক্ষার্থীরা এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনটির জাতীয় কার্যকরী কমিটির এক জরুরি বৈঠক শেষে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি ও এনডিএ-শাসিত রাজ্যগুলো তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। আইনি জটিলতার কথা বলে সরকার সময়ক্ষেপণ করছে এবং আন্দোলন স্থগিতের সময় করা চুক্তিগুলো বাস্তবায়নে গড়িমসি করছে বলেও অভিযোগ তাদের।
CJP-এর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও এফআইআর প্রত্যাহার এবং আন্দোলনকারীদের ওপর পুলিশি নিপীড়ন বন্ধে স্থায়ী সরকারি নিশ্চয়তা।
সংগঠনটির দাবি, সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলোর তালিকা চাইলেও কেন্দ্রীয় সরকার তা জমা দেয়নি। পাশাপাশি লিখিত অঙ্গীকারনামা দেওয়ার ক্ষেত্রেও সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছে CJP।
উল্লেখ্য, গত ২৫ জুলাই দিল্লির যন্তর মন্তরে NEET শিক্ষার্থীদের সমর্থনে চলা আন্দোলন স্থগিত করেছিল সংগঠনটি। এর প্রায় চার সপ্তাহ পর আবারও আন্দোলনের ঘোষণা এলো।
আগামী ৫ সেপ্টেম্বরের পদযাত্রায় শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণদের বিপুলসংখ্যায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে CJP। কর্মসূচিকে ঘিরে দিল্লি পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি